চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিক শক্তির
চট্টগ্রামে বন্দর, গণপরিবহন, ঘাট ও শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা চাঁদাবাজি এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির...
Collected · Not taken by usCollectedচট্টগ্রামে বন্দর, গণপরিবহন, ঘাট ও শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা চাঁদাবাজি এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। শ্রমিকদের কাছ থেকে জোর করে আর এক টাকাও আদায় করা হলে রাজপথে দাঁতভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের জামালখানে প্রেসক্লাবের কর্ণফুলী হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ ও অভিষেক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক শক্তির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাহাদাত হাছান সবুজ লিখিত বক্তব্য পাঠ করেন। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব ঋআজ মোরশেদ। বক্তব্য দেন কেন্দ্রীয় সংগঠক ফারুক হোসেন ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্যসচিব আমজাদ হোসেন।
লিখিত বক্তব্য ও আলোচনায় নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর, গণপরিবহন, ঘাট ও শিল্পাঞ্চলকে কেন্দ্র করে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার চাঁদাবাজি ও সিন্ডিকেট পরিচালিত হচ্ছে। শ্রমিকের কষ্টার্জিত অর্থে কোনো চাঁদাবাজ কিংবা রাজনৈতিক প্রভাবশালীর পকেট ভারী করতে দেওয়া হবে না। শ্রমিকদের কাছ থেকে জোর করে অর্থ আদায়ের চেষ্টা হলে জাতীয় শ্রমিক শক্তি নীরব থাকবে না। রাজপথেই এসব সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সদস্যসচিব ঋআজ মোরশেদ গার্মেন্টস মালিক ও শিল্পপতিদের উদ্দেশে বলেন, শ্রমিকদের শ্রমে মুনাফা অর্জন করলেও তাদের ন্যায্য পাওনা, বকেয়া বেতন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হচ্ছে না। এ ধরনের শোষণ আর সহ্য করা হবে না।
তিনি বলেন, শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিক ছাঁটাই, হয়রানি কিংবা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করার চেষ্টা হলে শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আইনি ও রাজপথের আন্দোলন গড়ে তোলা হবে।
প্রশাসন ও মালিকপক্ষকে সতর্ক করে নেতারা বলেন, সংগঠনের শান্তিপূর্ণ অবস্থানকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। শ্রমিকদের অধিকার আদায়ের প্রশ্নে কোনো আপস করা হবে না। তাদের ন্যায্য দাবিদাওয়া মেনে নেওয়া না হলে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক শক্তির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে নবগঠিত জাতীয় শ্রমিক শক্তি চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হয়।


