রেলপথে আগুন-নাশকতায় আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীবাহী কোচে অগ্নিসংযোগ, রেলস্টেশনে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে আগুন, বগি লাইনচ্যুত ও চলন্ত ট্রেন থেকে কোচ বিচ্ছিন্ন হওয়ার...

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ PM
শেয়ার করুন
রেলপথে আগুন-নাশকতায় আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগCollected
রেলপথে আগুন-নাশকতায় আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীবাহী কোচে অগ্নিসংযোগ, রেলস্টেশনে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে আগুন, বগি লাইনচ্যুত ও চলন্ত ট্রেন থেকে কোচ বিচ্ছিন্ন হওয়ার মতো একের পর এক ঘটনায় সারা দেশের রেলপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ১ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এ ধরনের প্রায় ১৭টি ঘটনা ঘটেছে। কোথাও নাশকতার অভিযোগ, কোথাও যান্ত্রিক ত্রুটি, আবার কোথাও অসতর্কতাজনিত কারণে ঘটেছে অগ্নিকাণ্ড।

এসব ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি আতঙ্কে আছেন যাত্রীরা। কয়েকটি ঘটনায় তদন্ত কমিটি গঠন ও নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হলেও রেলপথের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

গত ৯ নভেম্বর গেন্ডারিয়া স্টেশনের আউটার পয়েন্টে ককটেল বিস্ফোরণ ঘটে। পরদিন ১০ নভেম্বর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে স্টেশনমাস্টারের কক্ষের দরজায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। একই দিন দৌলতকান্দি-মেঘনা সেকশনে রেললাইনে আগুন দেওয়া হলে চাঁদপুর কমিউটার ট্রেনের চলাচল বিলম্বিত হয়।

এ ছাড়া নেত্রকোণার মোহনগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে থাকা মোহনগঞ্জ এক্সপ্রেসের একটি কোচের চারটি আসনের কভার পুড়িয়ে দেওয়া হয়। জামালপুর স্টেশনের লেভেল ক্রসিংয়ের কাছে রেললাইনের পাশে টায়ার জ্বালানো হয়। চট্টগ্রাম স্টেশনে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের কয়েকটি কোচের হোসপাইপ কেটে দেওয়া হয়। একই দিন জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা তুরাগ কমিউটার ট্রেনের একটি কোচে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।

১০ নভেম্বর খুলনা স্টেশনে দাঁড়িয়ে থাকা নকশীকাঁথা এক্সপ্রেসের একটি কোচের আসনে আগুন লাগে। তবে এ ঘটনায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করেন স্টেশনমাস্টার। পরদিন ১১ নভেম্বর আখাউড়া রেলওয়ে জংশনে তিতাস কমিউটার ট্রেনের একটি কোচে আগুন দেওয়া হয়। এতে ১১টি আসন পুড়ে যায়। পাশের কোচেও দাহ্য পদার্থ ছিটানোর চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়।

এর আগে ২ অক্টোবর চট্টগ্রাম নগরের বাংলাবাজার এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত কোচে আগুন লাগে। ১৮ অক্টোবর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন দেখা দেয়। পরে ইঞ্জিনটি বিচ্ছিন্ন করে বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

অগ্নিসংযোগের পাশাপাশি ইঞ্জিন ও কোচসংক্রান্ত ত্রুটি এবং লাইনচ্যুতির ঘটনাও ঘটেছে। ২১ অক্টোবর কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটারের চারটি বগি লাইনচ্যুত হয়। ২৯ অক্টোবর টাঙ্গাইলের মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ ব্যাহত হয়। ৩০ অক্টোবর গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের আটটি কোচ ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

১৩ নভেম্বর গাজীপুরের পূবাইলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লাগে। এতে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি ঢাকায় নেওয়া হয়। এ ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করে রেলওয়ে।

এরপর ১৫ নভেম্বর দিবাগত রাতে ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার স্টেশনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে স্টেশনমাস্টারের কক্ষের দরজায় আগুন ধরে যায়। সর্বশেষ ১৭ নভেম্বর নেত্রকোনার বারহাট্টায় বন্ধ থাকা অতীতপুর রেলওয়ে স্টেশনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রেলপথে ধারাবাহিক এসব ঘটনায় যাত্রীদের মধ্যেও বাড়ছে উদ্বেগ। রেলের নিয়মিত যাত্রী শাহরিয়াজ আহমেদ শুভ ঢাকা পোস্টকে বলেন, বাংলাদেশে অন্যান্য পরিবহন ব্যবস্থার তুলনায় রেলযাত্রা অনেক বেশি সাশ্রয়ী ও আরামদায়ক। তবে সাম্প্রতিক সময়ে রেলপথে অগ্নিসংযোগ, নাশকতা এবং চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঘটনায় যাত্রীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এসব ঘটনা এখন প্রায় নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে। কিছুদিন আগেও আখাউড়া স্টেশনে তিতাস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফলে রেলভ্রমণে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা স্বাভাবিক।

আরেক যাত্রী নুবায়েত প্রত্যয় ঢাকা পোস্টকে বলেন, আগে রেলকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক ভ্রমণের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সাম্প্রতিক সময়ে ধারাবাহিক নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় ট্রেনযাত্রা এখন অনেকের কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। হঠাৎ কোনো নাশকতার ঘটনা ঘটলে যাত্রীদের দ্রুত নিরাপদে বের হওয়ার সুযোগও সীমিত। বিশেষ করে চলন্ত ট্রেনে আগুন লাগলে জরুরি বহির্গমন ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়েও প্রশ্ন রয়েছে। সিসিটিভি স্থাপনের পরামর্শ বিশেষজ্ঞের

যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ ঢাকা পোস্টকে বলেন, রেল আমাদের একটি নির্ভরযোগ্য গণপরিবহনমাধ্যম। অন্যান্য পরিবহনের মতো অল্প পরিমাণে যাত্রী পরিবহনের ব্যবস্থা এটি নয়। রেলে একসঙ্গে হাজার হাজার যাত্রী ভ্রমণ করেন। সে জায়গা থেকে এ ধরনের ঘটনাগুলো অবশ্যই রেলের ব্যবস্থাপনা এবং যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি। তাই রেলের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা দরকার।

তিনি বলেন, রেলের নিজস্ব বাহিনী রয়েছে, পাশাপাশি মাঝেমধ্যে পুলিশও পাহারা দেয়। এর বাইরেও নিরাপত্তা বাড়ানোর সুযোগ রয়েছে। রেলের প্রতিটি ইয়ার্ডে এবং ট্রেনের কোচগুলোর ভেতরে-বাইরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা যেতে পারে। প্রায় দেশেই এ ধরনের ব্যবস্থা রয়েছে। শুধু অগ্নিসংযোগ নয়, ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঘটনাগুলোও এ ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এই যোগাযোগ বিশেষজ্ঞ বলেন, এ ধরনের ঘটনা সামগ্রিকভাবে গণপরিবহন ও যোগাযোগব্যবস্থার জন্য উদ্বেগজনক। বিশেষ করে রেলে একসঙ্গে বিপুলসংখ্যক যাত্রী চলাচল করায় যেকোনো ধরনের অগ্নিসংযোগ বা নাশকতা যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই রেলের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা জরুরি।

দুই হাজার আনসার সদস্য নিয়োগ করছে রেলওয়ে

রেলপথে ধারাবাহিক এসব ঘটনার পর নিরাপত্তা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের মহাপরিচালক ও প্রকৌশলী মো. আফজাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘গত মাস থেকেই আমরা রেললাইন পাহারা বা পেট্রোলিংয়ের ব্যবস্থা করছি। রাতে আমরা পেট্রোলিং করছি, যাতে রেললাইনে কোনো ধরনের নাশকতা বা অগ্নিসংযোগের ঘটনা না ঘটে। এ ধরনের ঘটনা ঘটলে যেন সঙ্গে সঙ্গে তথ্য পেয়ে আমরা ট্রেন চলাচল বন্ধ রাখতে পারি, সে বিষয়েও প্রতিরোধমূলক ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া স্টেশন, ওয়ার্কশপ এলাকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে নাশকতা হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, বিশেষ করে ট্রেন ওয়াশিং এলাকাগুলোতে রেলওয়ের নিরাপত্তা বাহিনীকে (আরএনবি) অতিরিক্ত নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।’

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর