রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন-ক্ষতিপূরণে মিয়ানমারকে আইসিজের নির্দেশ

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা বহুল আলোচিত মামলায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক...

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৯ PM
শেয়ার করুন
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন-ক্ষতিপূরণে মিয়ানমারকে আইসিজের নির্দেশCollected
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন-ক্ষতিপূরণে মিয়ানমারকে আইসিজের নির্দেশ

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা বহুল আলোচিত মামলায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবারের এই রায়ে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে দেশে ফেরার সুযোগ এবং ক্ষতিপূরণ প্রদানে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত।

জাতিসংঘের শীর্ষ এই আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম বিচারকরা কোনো রাষ্ট্র গণহত্যা সংঘটিত করেছে বলে রায় দিলেন। মিয়ানমারের ২০১৭ সালের নৃশংস দমন-পীড়নের শিকার রোহিঙ্গাদের জন্য এটি ন্যায়বিচার হিসেবে বিবেচিত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নেদারল্যান্ডসের হেগে আদালতের ‘গ্রেট হল অব জাস্টিসে’ রায় ঘোষণা করতে গিয়ে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘‘গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের অধীনে থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার।’’

প্রায় তিন ঘণ্টা ধরে ইওয়াসাওয়া ওই অভিযানের সময় সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নৃশংসতার জ্বলন্ত প্রমাণ তুলে ধরেন; যে অভিযানের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।

ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, নারীদের বিরুদ্ধে ‘ব্যাপক যৌন সহিংসতা’ চালিয়েছে এবং শিশুদের বিরুদ্ধে ‘চরম সহিংস’ কর্মকাণ্ড ঘটিয়েছে।

আইসিজে বলেছেন, রোহিঙ্গা গ্রামগুলো ‘পরিকল্পিতভাবে ধ্বংস’ এবং সেখানে রোহিঙ্গা নন এমন বাসিন্দাদের বসতি স্থাপন করা হয়েছে। রায়ে আদালত বলেছেন, জনগোষ্ঠীটিকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল, এটিই একমাত্র যুক্তিসঙ্গত অনুমান; যা গণহত্যার মূল মানদণ্ড।

সহিংসতার মুখে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ‘নিজ বসবাসের স্থানে নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ ও তা সহজতর করার’’ নির্দেশ দিয়েছেন আদালত।

গণহত্যার দায়ে অভিযুক্ত সন্দেহভাজন যেকোনো ব্যক্তির বিরুদ্ধে মিয়ানমারকে অবশ্যই তদন্ত ও শাস্তি দিতে হবে বলেও বিচারকেরা নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রোহিঙ্গাদের ক্ষতিপূরণের পরিমাণ কী হবে, সেটি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন।

আন্তর্জাতিক বিচার আদালতের এসব সিদ্ধান্ত বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিল করা যায় না। আদালতের রায় কার্যকর করার কোনো ক্ষমতা নেই এবং মিয়ানমারের শাসকরা এই আদেশ পালন করবে কি না; সেটিই এখন দেখার বিষয়।

তবে এই রায় মিয়ানমারের নেতা মিন অং হ্লেইংয়ের ওপর আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। ২০২১ সালের অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার আগে রোহিঙ্গা দমন-পীড়নের সময় তিনি দেশটির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।

এই বছর অত্যন্ত সীমিত পরিসরে অনুষ্ঠিত নির্বাচনের পর তাকে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসানো হয় এবং তিনি বৈধতা অর্জনের জন্য কূটনৈতিক প্রচারণা চালাচ্ছেন; যা এই রায়ের কারণে জটিল হয়ে উঠতে পারে।

আদালতের আরেকটি আলোচিত মামলা রয়েছে। গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে কি না; সে বিষয়ে আদালত কী ধরনের রায় দেবেন, তার সূত্র খুঁজতে আইন বিশেষজ্ঞরা আইসিজের এই যুগান্তকারী রায়টিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন।

বাংলাদেশে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বসবাসরত দশ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য এই রায় জবাবদিহির ক্ষেত্রে ক্ষীণ আশার আলো দেখিয়েছে। রায়ের আগে নিজের পরিবারের সঙ্গে বসবাস করা আশ্রয়কেন্দ্রে বসে ধর্ষণের শিকার ২৩ বছর বয়সী এক রোহিঙ্গা নারী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘আমি ন্যায়বিচার চাই।’’

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘‘যারা নারীদের ধর্ষণ করেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আইসিজের এ বিষয়ে আলাদা করে কিছু বলা উচিত।’’

সহিংসতা থেকে বেঁচে যাওয়া মানুষজন সঙ্গে করে নিয়ে এসেছেন গণধর্ষণ, নির্বিচার হত্যাকাণ্ড এবং পরিবার ও শিশুদের প্রতি নিষ্ঠুরতার রোমহর্ষক কাহিনী।

শরণার্থী শিবিরগুলোর মানবেতর অবস্থা থেকে অনেক দূরে ১৫ বিচারপতির এই প্যানেল সাত বছর ধরে মিয়ানমারের কর্মকাণ্ড গণহত্যার শামিল কি না, তা খতিয়ে দেখছিলেন।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর