সহিংসতা-নাশকতার উত্তাপে ফ্যাসিবাদবিরোধী ‘রাজনৈতিক ঐক্যের’ সম্ভাবনা
গোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাড়িতে হামলা, দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, নাশকতার অভিযোগে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় জনমনে বাড়ছে উদ্বে
Collected · Not taken by usCollectedগোপালগঞ্জে থানা ও সংসদ সদস্যের বাড়িতে হামলা, দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, নাশকতার অভিযোগে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ। আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের প্রশ্ন সামনে এসেছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা আঙ্গিকে সংঘটিত গণহত্যাসহ জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার, পলায়নকৃত ফ্যাসিবাদের ফিরে আসার তোড়জোড় ঠেকাতে এখন রাজনৈতিক ঐক্য জরুরি। সেটা এগিয়ে নিতে হলে সরকারি দলকে সদিচ্ছাসহ এগিয়ে আসতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এর মধ্যেই, বুধবার (১৮ নভেম্বর) সংসদের সমাপনী অধিবেশনে রাজনৈতিক ঐক্যের বিষয়টি সামনে এনেছেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা।
দেশকে আবারও ফ্যাসিবাদী শাসন ও পরনির্ভরশীলতার দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে- এমন অভিযোগ তুলে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার মতে, নির্বাচনের আগে যে রাজনৈতিক ঐক্য ছিল, তাতে দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি আবারও সুযোগ নেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেছেন, আমরা তো সকলেই ইলেকশনের আগ পর্যন্ত একই কাতারে ছিলাম। একই লাইনে ছিলাম। একই দর্শনে ছিলাম। বিনয়ের সঙ্গে অনুরোধ করব, দেশের বৃহত্তর স্বার্থে জায়গাটায় ফিরে আসুন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার আন্তরিক সদিচ্ছায় উদ্যোগ নিলে এই পরিস্থিতি থেকেই নতুন রাজনৈতিক ঐক্যের ক্ষেত্র তৈরি হতে পারে। তবে, সেই ঐক্য হতে হবে শুধু বক্তব্য ও সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক অধিকার, আইনের শাসন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার প্রশ্নে বাস্তব অঙ্গীকারের ভিত্তিতে। তবে, সরকার ও বিরোধী শিবিরের মধ্যে পারস্পরিক অবিশ্বাস না কমলে ফ্যাসিবাদ ঠেকানো প্রশ্নে রাজনৈতিক সমঝোতা বা ঐক্য গড়া কঠিন হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সরকারের সামনে এখন দুটি সমান্তরাল চ্যালেঞ্জ। একদিকে নাশকতা ও সহিংসতা নিয়ন্ত্রণ করে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যদিকে, রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে যে–কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলগুলোর মধ্যে কার্যকর ঐক্য গড়ে তোলা।
এ ব্যাপারে জাতীয় অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহ আওয়ামী লীগের ডাকা বিভিন্ন কর্মসূচি এবং গোপালগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ও ধ্বংসাত্মক কার্যক্রমের কথা উল্লেখ করে ঢাকা পোস্টকে বলেন, ভারতে অবস্থান নিয়ে শেখ হাসিনা সেদেশের সরকারের মদদে ও উস্কানিতে বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো বর্তমান নির্বাচিত সরকারের ওপর জনগণের আস্থা বিনষ্ট করা এবং বিরোধী রাজনৈতিক দলগুলোকে দুর্বল করা। তাই কেবল মুখে কথা না বলে বাস্তবে শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।
বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের একাধিক সূত্রে জানা গেছে, ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগকে ঠেকাতে রাজনৈতিক ঐক্যের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। সরকার দল ও বিরোধী দলীয় পক্ষের মধ্যে আলাদাভাবে অভ্যন্তরীণ বৈঠকে ফ্যাসিবাদ ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক ঐক্যের আলাপ হয়েছে।
১১ দলীয় ঐক্যের এক শীর্ষ নেতা ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়েছে। বিএনপি’র পক্ষ থেকে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগকে ঠেকাতে একাট্টা হবার বিষয়ে অভিমত জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সাম্প্রতিক সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে ১১ দলীয় ঐক্য। সেখানে রাজনৈতিক ঐক্যের ইস্যুটি থাকছে।
১১ দলীয় ঐক্য জোট সূত্রে জানা গেছে, বৈঠকে গোপালগঞ্জের ঘটনা, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যের বিষয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর, চট্টগ্রাম, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক সহিংস ঘটনা ঘটছে। কোথাও পুলিশের গাড়িতে আগুন, কোথাও থানায় হামলা, কোথাও সংসদ সদস্যের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ। রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, মন্ত্রীর বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ এবং বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গ্রেপ্তারের ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এর মধ্যে, গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও শিল্পাঞ্চলে অস্থিরতা নতুন করে চাপ তৈরি করেছে সরকারের ওপর।
বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তারের পর থানায় হামলা, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া, পুলিশের গাড়ি ও স্থাপনায় আগুন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তার স্বজনদের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের খবর আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন করতে হয়েছে। বুধবারও জেলার বিভিন্ন এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
পুলিশের হিসাবে, ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ৫৯টি স্থানে বিস্ফোরিত হয়েছে ককটেল। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।
পরিস্থিতির ব্যাপকতা বোঝা যায় ঢাকা মহানগর পুলিশের সাম্প্রতিক অভিযানেও। বুধবার ডিএমপি জানিয়েছে, ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭১ জন রয়েছেন। অভিযানে অবিস্ফোরিত দুটি ককটেল, বিস্ফোরিত ছয়টি ককটেলের অংশবিশেষসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায়ও রাজধানীতে ৫২৬ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল পুলিশ।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedশাক্যমুনি বৌদ্ধ বিহার নির্মাণসহ পাঁচ দাবিতে মানববন্ধন
২৭ নভে, ১১:১৯ PM
Collected · Not taken by usCollectedগোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী
২৭ নভে, ০৭:৪৯ PM
Collected · Not taken by usCollected