রোহিঙ্গা গণহত্যা মামলার রায়: কী ঝুঁকি মিয়ানমারের, কী মিলবে রোহিঙ্গাদের?
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে রায় ঘোষণা...
Collected · Not taken by usCollectedপশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে কি না, সে বিষয়ে রায় ঘোষণা করছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বৃহস্পতিবার এই রায় ঘোষণা করছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো গণহত্যা মামলার মূল বিষয়ের ওপর আইসিজে প্রথম রায় দিতে যাচ্ছেন।
আইন বিশেষজ্ঞরা বলেছেন, এই রায় গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার চলমান মামলায় প্রভাব ফেলতে পারে। যদিও গাজায় গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করছে ইসরায়েল।
গাম্বিয়া বলেছে, ২০১৭ সালের সামরিক দমন-পীড়নের সময় মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল; যার ফলে কয়েক লাখ মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়। অন্যদিকে মিয়ানমার বলেছে, তারা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধাদের পুলিশ ফাঁড়িতে হামলার জবাব দিচ্ছিল।
রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার যোদ্ধাদের পুলিশ ফাঁড়িতে হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী ২০১৬ সালের অক্টোবরে রাখাইন রাজ্যে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে এবং ২০১৭ সালের আগস্টে বৃহৎ পরিসরে অভিযান চালায়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত এবং ৭ লাখ ৪০ হাজার মানুষ বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন।
জাতিসংঘের তদন্তকারীরা দেখেছেন, সৈন্যরা শত শত গ্রাম পুড়িয়ে দিয়েছে, ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে এবং রোহিঙ্গা নারী, কিশোরীদের নিয়মিত ধর্ষণ ও গণধর্ষণ করেছে। এই যৌন সহিংসতা গণহত্যার উদ্দেশ্যের ইঙ্গিত দেয় বলে তদন্তকারীরা জানিয়েছেন।
সহিংসতার পর দায়ের করা মাত্র দুটি মামলায় সামরিক বাহিনী কয়েকজন সৈন্যকে দোষী সাব্যস্ত করার ঘোষণা দেয়। তবে একটি মামলায় ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও কিশোরকে হত্যার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত সাতজন সৈন্যকে ১০ বছরের সাজা ভোগের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার আগেই মুক্তি দেওয়া হয়।
এই দমন-পীড়নের অনেক আগেই, মিয়ানমার ১৯৮২ সালে স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেয় এবং অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করা সত্ত্বেও তাদের ‘অভিবাসী বাঙালি’ হিসেবে অভিহিত করে। এরপর থেকেই প্রায় সব রোহিঙ্গাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। যে কারণে এই রোহিঙ্গারা বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছেন।
২০২৩ সালে সেনাবাহিনীর সঙ্গে লড়াই পুনরায় শুরু হওয়ার পর থেকে আরাকান আর্মি নামের একটি জাতিগত রাখাইন সশস্ত্র গোষ্ঠী রাজ্যটির বেশির ভাগ অংশ দখল করে নেয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত আগস্টে বলেছে, উভয় বাহিনীই রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতন চালিয়েছে। এ সময় আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা এবং জোরপূর্বক নিয়োগের অভিযোগ করা হয়।
জাতিসংঘ বলেছে, এসব নির্যাতনের কারণে ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। এ নিয়ে বাংলাদেশে পৌঁছানো শরণার্থীর সংখ্যা বেড়ে প্রায় ১২ লাখে দাঁড়িয়েছে।
প্রায় সব শরণার্থীই কক্সবাজার জেলার ছোট জনাকীর্ণ শিবিরগুলোতে বসবাস করেন; যেখানে তারা আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভরশীল। গত কয়েক বছরে এই সাহায্য ব্যাপকভাবে কমে গেছে; বিশেষ করে ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৈদেশিক সাহায্য কমিয়ে দেওয়ার পর থেকে।
বেশির ভাগ শরণার্থী এখন কম খাদ্য রেশন পাচ্ছেন এবং অনেক শিবিরের স্কুল বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার সতর্ক করে বলেছেন, সাম্প্রতিক সময়ে আসা রোহিঙ্গাদের পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার অভাব রয়েছে।
গাম্বিয়া বলছে, রোহিঙ্গাদের ওপর দশকের পর দশক ধরে চলা নিপীড়নের পর তারা এই মামলাটি দায়ের করেছে; যার চূড়ান্ত রূপ ছিল ২০১৭ সালের অভিযান। সেই অভিযানে ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেছে আফ্রিকার এই দেশটি।
২৫ লাখ জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যরাষ্ট্রের পক্ষে এই মামলা দায়ের করে। মামলাটি পরিচালনা করেন গাম্বিয়ার তৎকালীন অ্যাটর্নি জেনারেল ও বিচারমন্ত্রী আবুবকর তাম্বাদু।
২০২০ সালের জানুয়ারিতে আদালত মিয়ানমারকে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মিয়ানমার শুরুতে বলেছিল, যেহেতু গাম্বিয়া এই সংঘাতে সরাসরি জড়িত নয়; তাই তারা মামলা করতে পারে না। কিন্তু ২০২২ সালে বিচারকরা রায় দেন, গাম্বিয়ার মামলা করার অধিকার রয়েছে। কারণ উভয় দেশই ওই সনদের পক্ষভুক্ত এবং এর আওতায় সব স্বাক্ষরকারী দেশ গণহত্যা প্রতিরোধ ও দণ্ড প্রদানে বাধ্য।
এরপর চলতি বছরের জানুয়ারিতে মামলাটির মূল বিষয়ের ওপর শুনানি অনুষ্ঠিত হয় এবং কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ সাতটি রাষ্ট্র গাম্বিয়ার পক্ষে অবস্থান নেয়।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedট্রাম্প-পুতিনের ‘অদ্ভুত’ বন্ধুত্ব অনেকটা হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো
২৭ নভে, ০৮:৩০ PM
Collected · Not taken by usCollectedইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে
২৭ নভে, ০৭:৪৫ PM
Collected · Not taken by usCollected