দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে এনসিপি
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে...
Collected · Not taken by usCollectedসন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়, গণভোটের গণরায় বাস্তবায়ন- এই পাঁচ দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের (পিসি) বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপির রাজনৈতিক পর্ষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি এ কর্মসূচির সিদ্ধান্ত জানান।
আখতার হোসেন বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় করতে হবে এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। এই পাঁচ দাবিতে আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলা ও ১৩ মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সত্তাগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিবাদী গোষ্ঠী। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এনসিপির পক্ষ থেকে আমরাও সংসদে এবং রাজপথে বলে আসছি, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে কতিপয় ব্যক্তির বিচার হচ্ছে এবং সেটি ঢিমেতালে চলছে।
আখতার হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের কথা বলেছেন, কিন্তু সেটি কীসের ভিত্তিতে হবে তা পরিষ্কার করা প্রয়োজন। আওয়ামী সন্ত্রাসী জঙ্গি সংগঠনের বিরুদ্ধে দেশের যেকোনো রাজনৈতিক দল গোষ্ঠী প্ল্যাটফর্মের সঙ্গে আমরা ঐক্যের প্রয়োজন অনুভব করি।
এনসিপির সদস্য বলেন, গোপালগঞ্জে আপনারা দেখেছেন থানায় হামলা করা হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের লোকজন মহড়া দিচ্ছে মানুষের ওপর হামলা করছে। আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। শুধু তাই নয়, গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় অগ্নিসন্ত্রাস করেছে আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে আখতার হোসেনসহ উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য ড. আতিক মুজাহিদ, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত এবং রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।
এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে সভায় যুক্ত হন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপিও সভায় উপস্থিত ছিলেন।
দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে তারা। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষেও তাদের কর্মসূচি থাকছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।
জামায়াত ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২১ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল; ২৫ নভেম্বর একই দাবিতে ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরীতে সমাবেশ ও মিছিল এবং একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দলের মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা; ৩০ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল।
ডিসেম্বর মাসের কর্মসূচির মধ্যে রয়েছে ২ ডিসেম্বর পোশাকশিল্পে অস্থিরতা ও সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা; ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা; ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা; ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা; ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন; ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র্যালি’ করবে জামায়াতে ইসলামী। তাদের কর্মসূচির মধ্যে আরও রয়েছে ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া; একই বিষয়ে ২০ ডিসেম্বর চিকিৎসক, ২১ ডিসেম্বর প্রকৌশলী এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা হবে। এ ছাড়া ২৬ থেকে ৩১ ডিসেম্বর সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।
সংশ্লিষ্ট ঘটনার সময়কাল ও বিবরণ প্রথম আলো, ঢাকা পোস্ট-এ প্রকাশিত একাধিক প্রতিবেদনের তথ্যের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হয়েছে।


