অস্ট্রেলিয়ান ক্রিকেটে ‘গৃহযুদ্ধের’ শেষ কবে?

২০১৮ সালে কেপটাউন টেস্টে স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে আত্মজীবনীমূলক বইয়ে একটি অধ্যায় লিখে তোপের মুখে পড়েছেন উসমান খাজা।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৯ PM
শেয়ার করুন
অস্ট্রেলিয়ান ক্রিকেটে ‘গৃহযুদ্ধের’ শেষ কবে?Collected
অস্ট্রেলিয়ান ক্রিকেটে ‘গৃহযুদ্ধের’ শেষ কবে?

২০১৮ সালে কেপটাউন টেস্টে স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে আত্মজীবনীমূলক বইয়ে একটি অধ্যায় লিখে তোপের মুখে পড়েছেন উসমান খাজা। পাশে কেবল পেয়েছেন ডেভিড ওয়ার্নার ও চ্যাড সেয়ার্সকে। এবার বল বিকৃতিতে সরাসরি স্যান্ডপেপার ব্যবহার করা ক্যামেরন ব্যানক্রফটও খাজার দাবিকে সমর্থন জানিয়ে বলেছেন, পুরো অস্ট্রেলিয়া দলই জানত এই পরিকল্পনা।

সপ্তাহখানেক আগে খাজার অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ ও ‘মানহানিকর’ আখ্যা দিয়ে এক ঘণ্টারও বেশি সংবাদ সম্মেলন করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সাংবাদিকদের সামনে তার দেওয়া বক্তব্য তাঁতিয়ে দিয়েছিল ব্যানক্রফটকে। তাই তো মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি। ওয়েস্ট অস্ট্রেলিয়ান-এ একটি কলামে ব্যানক্রফট জানান, ‘এই বিবরণটি লেখার জন্য আমাকে শেষ ধাক্কাটা দিয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট অধিনায়ক প্যাট কামিন্সের সংবাদ সম্মেলন। এটি আমাকে ক্ষুব্ধ, প্রতারিত এবং একা করে দিয়েছিল। আমি যা দেখেছি, অভিজ্ঞতা লাভ করেছি এবং যার মধ্যে দিয়ে গিয়েছি, তা সেই বিবরণের সাথে মেলে না, যেটা তিনি তার সংবাদ সম্মেলনে এবং এর আগের বছরগুলোতে এই বিষয়টা নিয়ে জনসমক্ষে দিয়েছেন।’

ওই ঘটনার জন্য ওপেনার ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। স্টিভ স্মিথের নেতৃত্ব কেড়ে নিয়ে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং সহঅধিনায়ক ওয়ার্নারও একই শাস্তি পান। আর কোনো খেলোয়াড় কিংবা কোচ শাস্তি পাননি। অথচ সবাই জড়িত ছিলেন বলে ৪ হাজার শব্দের সেই কলামে জানিয়েছেন ব্যানক্রফট।

তিনি দাবি করেছেন, তার ধরা পড়ার ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথমবার স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। বল যথেষ্ট সুইং করছে কি না তা নিয়ে কামিন্স, মিচেল মার্শ, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের সঙ্গেও তার কথা হয়েছিল। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের আগে পুরো স্কোয়াড ও স্টাফরা স্যান্ডপেপারের প্রভাব নিয়ে উদযাপন করেছিল। তৃতীয় টেস্টে যখন ব্যানক্রফট ধরা খেলেন, তখন অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যান ১২তম খেলোয়াড় পিটার হ্যান্ডসকম্বকে বলেছিলেন, ‘এখনই ব্যাঙ্গারের কাছ থেকে স্যান্ডপেপার সরিয়ে ফেলো।’ এছাড়া ২০২১ সালে অস্ট্রেলিয়ার বোলারদের দেওয়া যৌথ বিবৃতিতে স্যান্ডপেপার সম্পর্কে অবগত না থাকার ব্যাপারটি তাকে কষ্ট দিয়েছিল বলে লিখেছেন সাবেক এই ওপেনার।

বলা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে খাজার আত্মজীবনীতে প্রকাশিত তথ্যের জেরে অস্ট্রেলীয় ক্রিকেট নিজেদের মধ্যেই এক গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। কিন্তু এতদিন অকাট্য কোনো প্রমাণের অভাব ছিল। নতুন ও জোরালো কোনো প্রমাণ না থাকায় পুরো বিষয়টি কেবল পাল্টাপাল্টি দাবি আর অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ ছিল। স্বাভাবিকভাবেই সব আলো গিয়ে পড়ে কামিন্সের ওপ। কারণ কেপটাউন টেস্টে তিনি দলের বোলার ছিলেন এবং পরবর্তী বছরগুলোতে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পেয়েছেন।

কিন্তু গত সপ্তাহে সরাসরি টেলিভিশন সম্প্রচারে সংবাদমাধ্যমে কামিন্স সব প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তার জবাবগুলো বেশ বিশ্বাসযোগ্যই মনে হয়েছিল। খাজার বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে জোরালোভাবে প্রত্যাখ্যান করতে গিয়ে অধিনায়ক কামিন্স নিজেকে বড় ধরনের ঝুঁকির মুখেও ফেলেছেন। যদি পরবর্তীতে প্রমাণিত হয় যে তিনি সত্য বলেননি, তবে এর পরিণাম তাকে ভোগ করতে হবে। এটা জোর দিয়েই বলা দরকার যে, ব্যানক্রফটের এই বিবরণ এমন কোনো অকাট্য প্রমাণ নয়, যা দিয়ে ২০১৮ সালে নিউল্যান্ডসের ড্রেসিংরুমে থাকা কামিন্স বা অন্য কাউকে সরাসরি দোষী সাব্যস্ত করা যায়।

তবে ঘটনার সঙ্গে জড়িত কারো কাছ থেকে শোনা এটিই নিঃসন্দেহে সবচেয়ে পূর্ণাঙ্গ বিবরণ; যেখানে ষড়যন্ত্রের শুরু, বাস্তবায়ন এবং পরবর্তী পরিস্থিতির প্রতিটি ধাপ তুলে ধরা হয়েছে। ব্যানক্রফট সরাসরি নাম উল্লেখ করেছেন—কামিন্স, দলের অন্য বোলার, টিম পেইন, কোচ ড্যারেন লেম্যান এবং সহকারী কোচ ডেভিড স্যাকারের। এটি হতে পারে সেই চূড়ান্ত মোড়, যা পুরো ঘটনাটিকে নতুন এক দিকে প্রবাহিত করবে।

কাকতালীয়ভাবে হোক বা পরিকল্পিতভাবে, ব্যানক্রফটের এই বক্তব্য ঠিক সেই দিনেই সামনে এলো, যেদিন ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) স্যান্ডপেপার বিতর্কের সাক্ষ্য-প্রমাণ নেওয়ার জন্য একটি ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে। ব্যানক্রফটের বক্তব্য আসার আগে সিএ-র এই পদক্ষেপকে একটি অসম্পূর্ণ ও মাঝামাঝি ব্যবস্থা মনে হচ্ছিল। কারণ এটি কোনো আনুষ্ঠানিক তদন্ত ছিল না এবং এর ফলাফল প্রকাশ করা হবে কি না, তারও কোনো নিশ্চয়তা ছিল না।

এখন কী হবে? ক্রিকেট অস্ট্রেলিয়া কি আরও কঠোর পদক্ষেপ নেবে? ব্যানক্রফট যাদের নাম জড়িয়েছেন, তারা কীভাবে এর জবাব দেবেন? নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে কামিন্স কীভাবে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন? খাজার বই প্রকাশের পর থেকে স্টিভ স্মিথ যে নীরবতা পালন করছেন, তিনি কি এবার তা ভাঙবেন? গত দুই সপ্তাহ ধরে এমন একটা ভাব ছিল যে, অস্ট্রেলীয় ক্রিকেট আশা করছিল স্যান্ডপেপার নিয়ে এই বিতর্ক একসময় এমনিতেই মিলিয়ে যাবে। কামিন্স তো এমনও বলেছিলেন যে, তিনি এ নিয়ে আর কখনোই কথা বলতে চান না। কিন্তু বিতর্ক শেষ হয়ে যাওয়ার বদলে সত্য জানার কৌতূহল আরও বেড়েছে, আর তাতে নতুন করে ঘি ঢেলেছে ব্যানক্রফটের এই বিস্ফোরক বিবরণ।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর