পেছাল অর্ণবের ‘হোক কলরব’ কনসার্ট

সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জনপ্রিয় অ্যালবাম ‘হোক কলরব’-এর দুই দশক পূর্ণ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ এ ০৪:৪১ PM
শেয়ার করুন
পেছাল অর্ণবের ‘হোক কলরব’ কনসার্টCollected
পেছাল অর্ণবের ‘হোক কলরব’ কনসার্ট

সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জনপ্রিয় অ্যালবাম ‘হোক কলরব’-এর দুই দশক পূর্ণ হয়েছে। এ উপলক্ষে অ্যালবামের নামেই বিশেষ কনসার্ট হওয়ার কথা ২০ নভেম্বর। তবে তিন দিন আগে আয়োজক টোয়েন্টিজ কমিউনিকেশন জানিয়েছে, কনসার্টের তারিখ পেছানো হয়েছে।

নতুন তারিখ ২৭ নভেম্বর। তবে ভেন্যু একই থাকছে। রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ভেতরে হবে বিশেষ কনসার্টটি।

আয়োজকরা বলেন, ‘আমাদের শিল্পীর ব্যক্তিগত জীবনে হঠাৎ তৈরি হওয়া একটি জরুরি পরিস্থিতির কারণে অনুষ্ঠানের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাই, আপনারা যেন অসম্পূর্ণ তথ্য নিয়ে অপেক্ষায় না থেকে অনুষ্ঠানে আসার সর্বোত্তম অভিজ্ঞতা পান। তাই অনুষ্ঠানের হালনাগাদ তথ্যসহ টিকিট বিক্রি শুরু হবে।’

এরই মধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। প্রতিটি টিকিটের মূল্য ১ হাজার ৫০০ টাকা। পাওয়া যাচ্ছে টিকিফাই ওয়েবসাইটে।

কনসার্টে অর্ণবের পাশাপাশি গান করবেন এ সময়ের জনপ্রিয় শিল্পী আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও অর্ণবের জীবনসঙ্গী সুনিধি নায়েক। ২৭ নভেম্বর শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘হোক কলরব’ একক অ্যালবামটি দিয়েই জনপ্রিয়তা পান অর্ণব। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও এর গানগুলো ছড়িয়ে পড়ে। আর ২০১৪ সালে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের মূল ভাষা হয়ে ওঠে ‘হোক কলরব’।

এই ‘হোক কলরব’ মূলত কবি রাজীব আশরাফের কবিতা। সেটাকেই গানে রূপ দিয়েছিলেন অর্ণব। গুণী সেই কবি ২০২৩ সালের সেপেম্বরে মারা গেছেন।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর