শেয়ারবাজারে অভিষেকেই রেকর্ড ৮১ বিলিয়ন ডলার তুলল অ্যানথ্রপিক
শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরপরই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।
Collected · Not taken by usCollectedশেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরপরই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। চ্যাটবট ক্লডের নির্মাতা এই প্রতিষ্ঠান অভিষেকেই রেকর্ড ৮১ বিলিয়ন (৮ হাজার ১০০ কোটি) ডলার সংগ্রহ করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিউইয়র্ক শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হয়। এর মাধ্যমে মাত্র পাঁচ বছর বয়সী এই প্রতিষ্ঠানের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন (দেড় লাখ কোটি) ডলার।
অ্যানথ্রপিকের শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। সে কারণে পূর্বপরিকল্পনার চেয়েও বেশি শেয়ার বিক্রি করা হয়েছে। শুরুতে প্রতিটি শেয়ারের দাম ৭০ থেকে ৭৮ ডলার নির্ধারণের প্রস্তাব ছিল। তবে চাহিদা বেশি থাকায় দাম বাড়িয়ে ৮৩ ডলারে চূড়ান্ত করা হয়।
দ্রুত বাড়তে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের জন্য শেয়ারবাজারে অ্যানথ্রপিকের এই যাত্রাকে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কারণ এটিই প্রথম এআই কেন্দ্রিক প্রতিষ্ঠান, যারা সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করল।
সাম্প্রতিক সময়ে এআই অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে। তবে এসব বিনিয়োগ থেকে আদৌ মুনাফা আসবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। মুনাফা এলেও তা কবে নাগাদ আসবে, সেই আলোচনাও চলছে।
২০২১ সালে সাতজন উদ্যোক্তা মিলে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন। শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তারা সবাই মাল্টি বিলিয়নিয়ার হয়ে গেছেন। অর্থাৎ তারা শতকোটি ডলারের মালিক বনে গেছেন। কর্মীদের শেয়ার অপশনসহ মোট হিসাব ধরলে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দেড় ট্রিলিয়ন ডলার হয়। তবে সাধারণ শেয়ারের হিসাবে এর মূল্য প্রায় ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। এই মূল্য ওয়ালমার্ট ও স্যামসাংয়ের চেয়ে বেশি। কিন্তু টেসলা ও মেটার চেয়ে তা কম।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির শুরুর দিকের একজন বিনিয়োগকারী বিবিসিকে জানান, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর সময় বাজারে যে পরিমাণ শেয়ার ছাড়া হয়েছিল, বিনিয়োগকারীদের চাহিদা ছিল তার চেয়ে ১০ গুণ বেশি।
ক্যানাকর্ড ওয়েলথের কর্মকর্তা লিয়া ব্রামওয়েল বলেন, প্রাতিষ্ঠানিক এবং সাধারণ—সব ধরনের বিনিয়োগকারীর মধ্যেই অ্যানথ্রপিকের শেয়ার নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। এর মানে হলো, এটি শুধু সাধারণ বিনিয়োগকারীদের সাময়িক উন্মাদনা নয়।
সব মিলিয়ে অ্যানথ্রপিক ১০৭ বিলিয়ন ডলার সংগ্রহ করতে পারে। এর মধ্যে ৮১ বিলিয়ন ডলারের বেশি আসছে সাধারণ শেয়ার বিক্রি থেকে। বাকি ২৬ বিলিয়ন ডলার আসছে গুগল, মাইক্রোসফট ও এনভিডিয়ার মতো বড় প্রযুক্তি কোম্পানির আলাদা বিনিয়োগ থেকে। থেকে। এ ছাড়া শেয়ারের চাহিদা খুব বেশি থাকলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানটি আরও ১২ বিলিয়ন ডলার সংগ্রহ করতে পারবে।
এর আগে চলতি বছরের জুনে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে অভিষেকে ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল। নাসডাকে তালিকাভুক্ত হওয়ার পর স্পেসএক্সের বাজারমূল্য ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। যদিও পরের সপ্তাহগুলোতে শেয়ারের দাম কমে যায়।
চ্যাটজিপিটির নির্মাতা ও অ্যানথ্রপিকের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ওপেনএআই আগামী বছর শেয়ারবাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার আগপর্যন্ত যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অ্যানথ্রপিকই হবে সম্পূর্ণভাবে এআই প্রযুক্তিনির্ভর একমাত্র তালিকাভুক্ত কোম্পানি।
শেয়ারবাজারে অ্যানথ্রপিকের যাত্রা নিয়ে ব্যাপক উৎসাহ রয়েছে। তবে তীব্র প্রতিযোগিতামূলক এই বাজারে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি কতটা মুনাফা করতে পারবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগও কাজ করছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রধান বিশ্লেষক ইয়াং ওয়াং এই ঝুঁকির দিকটি তুলে বলেন, আগামী কয়েক বছরে প্রতিষ্ঠানটির ওপর শত শত বিলিয়ন ডলারের যে আর্থিক দায়বদ্ধতা আসবে, তার সঙ্গে তারা তাল মেলাতে পারবে কি না, সেটিই এখন মূল বিষয়।
তবে তিনি আশার কথাও শুনিয়েছেন। ইয়াং ওয়াংয়ের মতে, এই শেয়ার বিক্রির ফলে বিনিয়োগকারীরা এমন একটি অগ্রগামী প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন, যা আগামী দিনের উৎপাদনশীলতার ধরন বদলে দিতে পারে।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedব্যাংকের সিনিয়র অফিসার পদে লিখিত পরীক্ষায় ডিভাইসসহ বহিষ্কার ২৪
২৭ নভে, ১০:০৬ PM
Collected · Not taken by usCollectedএক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম
২৭ নভে, ০৭:৪৬ PM
Collected · Not taken by usCollected