আ. লীগের নৈরাজ্য জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে : গাজী আতাউর রহমান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী...
Collected · Not taken by usCollectedকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দুর্বলতা, গোয়েন্দা তৎপরতার ঘাটতি ও প্রশাসনিক সমন্বয়ের অভাবের সুযোগে একটি পরাজিত রাজনৈতিক শক্তি আবারও মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির সাহস পাচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর পল্টনে আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার বার্ষিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জনগণ ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না। অথচ একটি সংগঠন রাষ্ট্রের আইন ও বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এটি রাষ্ট্রের জন্য উদ্বেগের পাশাপাশি সরকারের জন্যও কঠিন সতর্কবার্তা।
তিনি বলেন, আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দুর্বলতা, গোয়েন্দা তৎপরতার ঘাটতি এবং প্রশাসনিক সমন্বয়ের অভাবের সুযোগেই পরাজিত রাজনৈতিক শক্তি আবারও বিশৃঙ্খলা সৃষ্টির সাহস পাচ্ছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে নৈরাজ্য, সহিংসতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টাকে রাজনৈতিক কর্মসূচির আড়ালে বৈধতা দেওয়া যাবে না। যারা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তাদের রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে কর্মকাণ্ডের ভিত্তিতে আইনের আওতায় আনতে হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক তৎপরতা, অর্থনৈতিক নেটওয়ার্ক ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা কঠোরভাবে প্রতিহত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে। সহিংসতা ও নাশকতায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, জনগণ শান্তি, নিরাপত্তা ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা চায়। সরকার জনগণের জানমাল ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তার রাজনৈতিক ও প্রশাসনিক দায় এড়ানোর সুযোগ নেই। কোনো অপশক্তির নৈরাজ্যের কাছে রাষ্ট্র জিম্মি হতে পারে না।
অধিবেশনে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, ছাত্রলীগের আস্ফালন ও অপতৎপরতা কোনোভাবেই আবার মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। অতীতে শিক্ষাঙ্গণে যে সন্ত্রাস, দখলদারত্ব ও আধিপত্যের রাজনীতি কায়েম করা হয়েছিল, ছাত্রসমাজ সেই অন্ধকার অধ্যায়ে আর ফিরে যেতে চায় না।
তিনি বলেন, ক্যাম্পাস কোনো রাজনৈতিক দলের সন্ত্রাসী বাহিনীর ঘাঁটি নয়। শিক্ষাঙ্গণে দখলদারত্ব, চাঁদাবাজি, সন্ত্রাস ও আধিপত্য প্রতিষ্ঠার রাজনীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্রলীগের নামে কেউ ক্যাম্পাসে সাংগঠনিক তৎপরতা চালানোর চেষ্টা করলে প্রশাসনকে তা কঠোরভাবে প্রতিহত করতে হবে।
তরুণ প্রজন্ম আর আধিপত্যবাদী রাজনীতির কাছে জিম্মি হতে প্রস্তুত নয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাঙ্গণে নিরাপদ পরিবেশ, শিক্ষার্থীদের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় অধিবেশনে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার ও ইমরান হোসাইন নূর, প্রশিক্ষণ সম্পাদক আশিকুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, অর্থ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ শোভনসহ কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।


