রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ
রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যার অভিযোগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
Collected · Not taken by usCollectedরোহিঙ্গাদের ওপর মিয়ানমারের গণহত্যার অভিযোগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পথে এই রায়কে দীর্ঘ প্রতীক্ষিত মাইলফলক হিসেবে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ রায়কে স্বাগত জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক কনভেনশনের প্রয়োগসংক্রান্ত মামলায় (গাম্বিয়া বনাম মিয়ানমার) আন্তর্জাতিক বিচার আদালত আজ যে ঐতিহাসিক রায় দিয়েছেন, বাংলাদেশ তা স্বাগত জানায়। এই প্রথম আদালতের কোনো রায়ে কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী বলে নির্ধারণ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা সংঘটন করেছে বলে আদালত নির্ধারণ করেছেন। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ, গণহত্যা ও কনভেনশনে উল্লিখিত অন্যান্য অপরাধের শাস্তি নিশ্চিত করা এবং কনভেনশন কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের ক্ষেত্রে মিয়ানমার তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে আদালত উল্লেখ করেছেন। বিশেষ করে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা সংঘটিত গণহত্যা প্রতিরোধে দেশটি ব্যর্থ হয়েছে।
কনভেনশন লঙ্ঘনের দায়ে আদালত মিয়ানমারকে চলমান লঙ্ঘন বন্ধ করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গণহত্যা ও কনভেনশনের অন্যান্য বিধান লঙ্ঘনের সঙ্গে যুক্ত বলে যুক্তিসংগতভাবে সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে ও কার্যকর তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে বলেছেন। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিশ্চয়তা প্রদানের নির্দেশও দিয়েছেন আদালত।
এ ছাড়া মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বার্থে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে তাদের নিজ আবাসস্থলে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন, পরিবারের পুনর্মিলন এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী ও ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান অন্তর্ভুক্ত রয়েছে।
বাংলাদেশের বিবৃতিতে বলা হয়, মামলার একটি পক্ষ হিসেবে মিয়ানমার আন্তর্জাতিক বিচার আদালতের চূড়ান্ত রায় মেনে চলতে এবং এর নির্দেশনা বাস্তবায়নে আইনগতভাবে বাধ্য। দীর্ঘ সাত বছর ধরে মামলাটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গাম্বিয়ার নীতিনিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছে বাংলাদেশ। একই সঙ্গে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন এবং কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ডের হস্তক্ষেপের স্বীকৃতি জানিয়েছে ঢাকা।
বিবৃতিতে মিয়ানমার সরকার যেন রায়ের অধীন নিজেদের বাধ্যবাধকতাগুলো দ্রুত, পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে পালন করে; একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রায়ের যথাযথ ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজভূমিতে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান। বাংলাদেশের বিশ্বাস, আদালতের এই রায় রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত রাখা ও বাড়ানোর জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সূত্র
এই বিভাগের আরও খবর
Collected · Not taken by usCollectedশাক্যমুনি বৌদ্ধ বিহার নির্মাণসহ পাঁচ দাবিতে মানববন্ধন
২৭ নভে, ১১:১৯ PM
Collected · Not taken by usCollectedগোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী
২৭ নভে, ০৭:৪৯ PM
Collected · Not taken by usCollected