কামিন্সকে বড় সিদ্ধান্ত নিতে হবে: মাইকেল ভন

২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কাণ্ড নিয়ে নতুন করে উত্তপ্ত অস্ট্রেলিয়ার ক্রিকেট।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৫ PM
শেয়ার করুন
কামিন্সকে বড় সিদ্ধান্ত নিতে হবে: মাইকেল ভনCollected
কামিন্সকে বড় সিদ্ধান্ত নিতে হবে: মাইকেল ভন

২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কাণ্ড নিয়ে নতুন করে উত্তপ্ত অস্ট্রেলিয়ার ক্রিকেট। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের মতে, ক্যামেরন ব্যানক্রফটের নতুন দাবি সামনে আসার পর বড় সিদ্ধান্ত নিতে হবে অজি দলের টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে।

সম্প্রতি ৪ হাজার শব্দের একটি লেখা ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ ওয়েবসাইটে জমা দিয়েছেন ব্যানক্রফট। সেখানে তার দাবি, ২০১৮ সালের বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে পুরো দলই জানত। অথচ শাস্তির মুখে পড়েছিলেন কেবল তিনজন। অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রাথমিক তদন্তেও ঘটনার পূর্ণ ও সত্য বিবরণ উঠে আসেনি বলে দাবি করেছেন এই ব্যাটার।

এর আগে উসমান খাজা স্যান্ডপেপার কাণ্ড নিয়ে তার বইয়ে উল্লেখ্য করা মন্তব্যকে পুরোপুরি অর্থহীন বলে উড়িয়ে দিয়েছিলেন কামিন্স। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে দলের নিয়মিত পেসার ছিলেন তিনি। ২০২১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের দায়িত্ব পান। নতুন করে বিতর্ক সামনে আসার পর তার অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছেন ভন।

বিবিসি স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে ভন বলেন, ‘প্যাট কামিন্সকে এখন একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় না, কোনো দলের ক্ষেত্রে এমনটা সম্ভব যে তারা জানবে না কী ঘটেছে। তবে কেপটাউনে সেদিন কিছু খেলোয়াড় বা বোলার হয়তো জানতেন না যে বলের সঙ্গে স্যান্ডপেপার ব্যবহার করা হচ্ছে।’

ভনের মতে, শুধু কেপটাউনের ঘটনা নয়, দক্ষিণ আফ্রিকা সফরের পোর্ট এলিজাবেথ টেস্টেও দলের কয়েকজনের অজ্ঞ থাকার দাবি তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। তিনি বলেন, ‘কিছু অস্ট্রেলীয় ক্রিকেটার ওই সিরিজের সঙ্গে যুক্ত ছিলেন, অথচ তারা কিছুই জানতেন না- এটা কখনোই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। আমার ধারণা, পোর্ট এলিজাবেথের ম্যাচের আগে বল টেম্পারিং করা হয়নি। কিন্তু ওই ম্যাচে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি কয়েকজন বোলার জানতেন না, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়।’

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর