সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল

তাঁর প্রশ্নোত্তরপর্বে একাদশ নিয়ে যেমন কথা হয়েছে, তেমনই একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব নিয়েও।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৩ PM
শেয়ার করুন
সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুলCollected
সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন। তাঁর প্রশ্নোত্তরপর্বে একাদশ নিয়ে যেমন কথা হয়েছে, তেমনই একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব নিয়েও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে ৭ উইকেট পাওয়ার পর সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন শরীফুল ইসলাম। তবে জোহানেসবার্গে একাদশে তাঁর জায়গা হয়নি। এ নিয়ে প্রশ্নের উত্তরে নাজমুল বলেছেন, ‘শরীফুল, তাসকিন, হাসান—আমার মনে হয় যে সবাই নতুন বলে খুব ভালো বল করে।

এমনকি হাসান তো পুরোনো বলেও ভালো করছে, তাসকিনও করে। কিন্তু আমাদের বোলিং বিভাগে যে পাঁচ-ছয়জন বোলার আছে, এদেরকে আসলে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হয়। তাই আমরা চাইলেও অনেক সময় কিছু সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়।’

প্রথম ইনিংসে ১৫ ওভার বোলিং করে ১ উইকেট পাওয়া পেসার ইবাদত হোসেনের একাদশে থাকার ব্যাখ্যায় নাজমুল বলেছেন, ‘কন্ডিশন যে রকম ছিল, তাতে পুরোনো বলে এমন একজন বোলার দরকার ছিল যে একটু বাড়তি থ্রেট হবে। ইবাদত সব সময় এটা করে থাকে। দুর্ভাগ্যবশত এই ম্যাচে ও রকম হয়নি। তবে আমার মনে হয় কম্বিনেশনটা আমরা ভালোই বেছে নিয়েছিলাম।’

সর্বশেষ ১২ ইনিংসে কেবল একটি ফিফটি পেয়েছেন মুশফিকুর রহিম। সংবাদ সম্মেলনে তাঁর ফর্ম নিয়েও প্রশ্নের উত্তর দিতে হয়েছে নাজমুলকে। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে উনি অনেক ভালো ক্রিকেট খেলছেন। শুধু ব্যাটিংই নয়, এর পাশাপাশি আরও অনেক কিছু থাকে—ড্রেসিংরুম বলেন কিংবা মাঠের ভেতরে, ওনার অভিজ্ঞতা আমাদের অনেক কাজে লাগে। তাই মুশফিক ভাইকে নিয়ে আমার মধ্যে একদমই সংশয় নেই। আমি জানি, পরের ম্যাচে উনি আরও ভালোভাবে ফিরে আসবেন।’

মুশফিকের বাংলাদেশ ক্রিকেটে আরও অনেক কিছু দেওয়ার বাকি আছে বলেও বিশ্বাস বাংলাদেশ টেস্ট অধিনায়কের।

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নাজমুল বলেছেন, ‘আমাদের ভুলগুলো অনেক বেশি হয়ে গেছে। আমরা নো বল বেশি করেছি, ক্যাচ মিস হয়েছে—এই কারণেই হয়তো প্রথম ইনিংসে ৪০০ করার পরেও আমরা ম্যাচটা হেরেছি।’

নাজমুল আরও বলেন, ‘শুরুতেই একটা নো বলে উইকেটের সুযোগ হাতছাড়া হয়েছে, রিকেলটনের ক্যাচও আমরা শুরুতেই ছেড়েছি। ওই সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্রটা একদমই ভিন্ন হতো। কারণ, আপনি এক নম্বর দলের সাথে খেলছেন; এতগুলো ভুল করার পর জেতার আশা করাটা খুবই কঠিন। এ ধরনের দলের সাথে জিততে হলে ভুলের পরিমাণ যত কম হবে, জেতার সম্ভাবনাও তত বেশি থাকবে।’

টেস্ট দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব বোধ করেন অধিনায়ক নাজমুল। তিনি বলেন, ‘এই জায়গায় আমরা সব সময়ই অভাব বোধ করি এবং ভুগছি। কয়েক বছর ধরে যাঁরা নির্বাচক প্যানেলে ছিলেন বা এখন আছেন, পাশাপাশি আমাদের দেশে যাঁরা কোচ হিসেবে কাজ করছেন, তাঁদের সবাইকেই আমাদের একটাই অনুরোধ—আমাদের অন্তত একজন অলরাউন্ডার দিন। কিন্তু আমরা পাচ্ছি না। আশা করব, দেশের নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফে যাঁরা আছেন, তাঁরা এই ঘাটতি পূরণের জন্য আমাদের অন্তত এক-দুজন খেলোয়াড় দেবেন।’

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর