‘জিটিএ ৬’ নিয়ে হিমি, সাদিয়া, অমিদের ব্যতিক্রমী যত কাণ্ড

দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গেমারদের বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৫২ PM
শেয়ার করুন
‘জিটিএ ৬’ নিয়ে হিমি, সাদিয়া, অমিদের ব্যতিক্রমী যত কাণ্ডCollected
‘জিটিএ ৬’ নিয়ে হিমি, সাদিয়া, অমিদের ব্যতিক্রমী যত কাণ্ড

দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গেমারদের বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে প্লেস্টেশন ৫ ও এক্সবক্স-এ খেলার জন্য উন্মুক্ত হয়েছে রকস্টার গেমসের নতুন এই আয়োজন। গেমটির মুক্তি ঘিরে বিশ্বজুড়ে আগে থেকেই ছিল ব্যাপক উন্মাদনা। দীর্ঘ ১৩ বছর পর ‘জিটিএ ৫’-এর সিক্যুয়েল আসায় গেমারদের আগ্রহও ছিল তুঙ্গে।

গেমটির ট্রেলার প্রকাশের পর থেকেই এর গ্রাফিকস, চরিত্র, গেমপ্লে, কাহিনি নিয়ে আলোচনা চলেছে গেমারদের মধ্যে। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে নানা মিম, ফ্যানমেড পোস্টার ও মজার সব আয়োজন। গেমটি ঘিরে তৈরি হওয়া এই উন্মাদনা এখন আর শুধু গেমারদের মধ্যেই সীমাবদ্ধ নেই; বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকারাও নিজেদের মতো করে শামিল হয়েছেন ‘জিটিএ ৬’-এর আনন্দে।

সামাজিক মাধ্যমে চোখ রাখলেই দেখা যাচ্ছে, কেউ পুরোনো দিনের স্মৃতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা করছেন, কেউ আবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে নিজেকেই সাজাচ্ছেন গেমটির চরিত্রের আদলে। এমনকি জনপ্রিয় একটি ধারাবাহিকের শেষ অধ্যায়ের প্রচারেও যুক্ত হয়েছে ‘জিটিএ ৬’-এর আবহ।

‘জিটিএ ৫’ থেকে ‘জিটিএ ৬’, সময়ের ব্যবধানে বদলে যাওয়া হিমি-নিলয়

জিটিএ ৬ মুক্তির উন্মাদনায় সামাজিক মাধ্যমে বেশ মজার একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। প্রায় একই ধরনের পোস্ট দেখা গেছে অভিনেতা নিলয় আলমগীরের ফেসবুকেও।

দুজনের পোস্টের ছবির বিন্যাস প্রায় এক। চারটি অংশে সাজানো ছবিতে এক পাশে রাখা হয়েছে ‘গ্র্যান্ড থেফট অটো ৫’ ও ‘গ্র্যান্ড থেফট অটো ৬’-এর লোগো। অন্য পাশে রয়েছে তাদের নিজেদের দুটি ছবি। মূলত গেমের দুই কিস্তির মুক্তির সময়ের ব্যবধানকে ঘিরেই এই মজার উপস্থাপন।

‘জিটিএ ৫’ যখন মুক্তি পেয়েছিল, তখনকার লুকের সঙ্গে জিটিএ ৬ মুক্তির সময়কার নিজেদের বর্তমান চেহারা মিলিয়ে দেখিয়েছেন তারা। অর্থাৎ, একটি গেমের দুই কিস্তির মাঝখানে কেবল গেমের জগতই বদলায়নি, বদলে গেছে তাদের নিজেদের সময়, বয়স ও উপস্থিতিও। ছবির মাধ্যমে সেই দীর্ঘ সময়ের ব্যবধানকে হাস্যরসের সঙ্গে তুলে ধরেছেন দুজন।

‘জিটিএ ৬’-এর পোস্টার লুকে সাদিয়া আয়মান

এদিকে অভিনেত্রী সাদিয়া আয়মানও ‘জিটিএ ৬’-এর উন্মাদনায় যোগ দিয়েছেন একটু ভিন্নভাবে। নিজের একটি এআই-নির্মিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিটির পুরো আবহ তৈরি করা হয়েছে গেমটির নান্দনিকতা অনুসরণ করে।

ছবিতে দেখা যায়, সাদিয়াকে দাঁড়িয়ে আছেন গোলাপি ও কমলা রঙের আলোয় সাজানো এক পরিবেশে। পেছনে রয়েছে ‘জিটিএ’ ফ্র্যাঞ্চাইজির উঁচু ভবন, পামগাছ, গাড়ি ও আকাশে উড়তে থাকা হেলিকপ্টার। সাদা পোশাক ও কালো প্যান্টে অভিনেত্রীর হাতে রয়েছে একটি পিস্তল। সব মিলিয়ে ছবিতে অভিনেত্রীকে দেখা গেছে অনেকটা ‘জিটিএ ৬’-এর কোনো চরিত্রের মতো।

পোস্টটি প্রকাশের পর ভক্তদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি ‘জিটিএ ৬’-এর আবহে নিজেদের ছবি তৈরি করার যে ট্রেন্ড সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সাদিয়া আয়মানের এই পোস্টকেও সেই প্রবণতারই অংশ হিসেবে দেখা যাচ্ছে।

‘জিটিএ ৬’-এর আবহে ‘ব্যাচেলর পয়েন্ট’, গেমের মতো ষষ্ঠ সিজনের দাবি দর্শকের

‘জিটিএ ৬’ উন্মাদনার মধ্যেই ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। তার নির্মিত দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শেষ অধ্যায় ঘিরে প্রকাশ করেছেন ‘জিটিএ ৬’-এর আদলে তৈরি একটি পোস্টার।

পোস্টারটিতে গেমটির প্রচারণামূলক নকশার সঙ্গে মিল রেখে তুলে ধরা হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচিত চরিত্র ও অভিনয়শিল্পীদের। মাঝখানে রয়েছে ধারাবাহিকটির লোগো, চারপাশে রঙিন শহর, গাড়ি ও অ্যাকশনধর্মী আবহ। পুরো আয়োজনেই রয়েছে ‘জিটিএ ৬’-এর পোস্টারের পরিচিত নান্দনিকতা। পোস্টটির ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘দ্য ফাইনাল চ্যাপ্টার’—সঙ্গে একটি ভাঙা হৃদয়ের ইমোজি।

এই পোস্টারের মাধ্যমে শেষ অধ্যায়ের প্রচারেও ‘জিটিএ ৬’-এর উন্মাদনাকে কাজে লাগিয়েছেন নির্মাতা।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনই ধারাবাহিকটির শেষ অধ্যায়। নির্মাতার ঘোষণা অনুযায়ী, এই সমাপ্তির পর নতুন সিক্যুয়েলের পরিকল্পনা নেই। ফলে দীর্ঘদিন ধরে দর্শকদের হাসি-আনন্দের সঙ্গী হয়ে থাকা পাশা, কাবিলা, নেহাল, হাবুদের বিদায়পর্ব ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে একধরনের আবেগও।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর