অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাকে আটক, পরে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে ডা. জিন্নাহর মালিকানাধীন নগরীর ভাটিকাশর এলাকার নিরাময় ক্লিনিকে এ অভিযান চালানো হয়। এ ঘটনার পর অর্থ লেনদেনের মাধ্যমে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা চলছে। বিস্তারিত

ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকায় একটি ক্লিনিকে গভীর রাতে ২৭ সদস্যের পুলিশ দল নিয়ে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযানের সময় ক্লিনিকের একাধিক তালা ও দরজা ভাঙা হলেও আটকের পর তাঁকে থানায় না নিয়ে ঘটনাস্থল থেকেই ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে ডা. জিন্নাহর মালিকানাধীন নগরীর ভাটিকাশর এলাকার নিরাময় ক্লিনিকে এ অভিযান চালানো হয়। এ ঘটনার পর অর্থ লেনদেনের মাধ্যমে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা চলছে।
ডা. মমিনুর রহমান জিন্নাহ বর্তমানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরাময় ক্লিনিকের ওপরের তলায় আওয়ামী লীগ নেতাদের নিয়ে নিয়মিত গোপন বৈঠক হয়—এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে ২৭ সদস্যের পুলিশ দল সেখানে অভিযান চালায়। ওই তলায় আওয়ামী লীগ নেতারা অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ক্লিনিকের একাধিক তালা ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে ডা. জিন্নাহকে আটক করা হয়। তবে আটকের পর তাঁকে থানায় না নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
অভিযানের পর তাঁকে আটকের পরও কেন থানায় নেওয়া হয়নি, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। কোনো অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কাউকে আটক করার পর ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কী ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তা নিয়েও আলোচনা চলছে। পাশাপাশি অভিযানের উদ্দেশ্য এবং আটকের পর তাঁকে ছেড়ে দেওয়ার কারণ জানতে চেয়েছেন অনেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওসি শিবিরুল ইসলাম ২০২৫ সালের ২৪ জুন থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। কয়েক মাস বিরতির পর ২০২৬ সালের ১১ মার্চ থেকে তিনি পুনরায় একই থানার দায়িত্বে রয়েছেন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি এ থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
এর আগেও আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়ার ঘটনায় ওসি শিবিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। চলতি বছরের শুরুর দিকে মহানগর আওয়ামী লীগ নেতা রিপন মিয়া ওরফে মাল্টি রিপনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে। পরে ওসি শিবিরুল ইসলাম অসুস্থতার কারণ দেখিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেন বলে অভিযোগ রয়েছে।


