ঢাকা সংস্করণ

জার্মানিতে বাঙালি কন্যার বিয়ে, যে কারণে জায়গা পেল বিশ্বখ্যাত ভোগে

জার্মানিতে জন্ম ও বেড়ে ওঠা পিয়া আহমেদ পেশায় মডেল ও গয়নার নকশাকার। অক্টোবরের শেষ দিকে জীবনসঙ্গী হেলগের সঙ্গে বার্লিনে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন তিনি। ছোট্ট সেই আয়োজনে মিলেছে তাঁর জীবনের দুই সাংস্কৃতিক জগৎ—পশ্চিমা আধুনিকতা ও বাঙালি ঐতিহ্য। তাঁদের বিয়ের সাজ ও গল্প নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক ফ্যাশন সাময়িকী ‘ভোগ’–এর জার্মান, স্পেন ও ব্রিটিশ সংস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা•প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ এ ০২:০২ PM
শেয়ার করুন
জার্মানিতে বাঙালি কন্যার বিয়ে, যে কারণে জায়গা পেল বিশ্বখ্যাত ভোগে
জার্মানিতে বাঙালি কন্যার বিয়ে, যে কারণে জায়গা পেল বিশ্বখ্যাত ভোগে

জার্মানিতে জন্ম ও বেড়ে ওঠা পিয়া আহমেদ পেশায় মডেল ও গয়নার নকশাকার। অক্টোবরের শেষ দিকে জীবনসঙ্গী হেলগের সঙ্গে বার্লিনে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন তিনি। ছোট্ট সেই আয়োজনে মিলেছে তাঁর জীবনের দুই সাংস্কৃতিক জগৎ—পশ্চিমা আধুনিকতা ও বাঙালি ঐতিহ্য। তাঁদের বিয়ের সাজ ও গল্প নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক ফ্যাশন সাময়িকী ‘ভোগ’–এর জার্মান, স্পেন ও ব্রিটিশ সংস্করণ।

বিয়েতে প্রচলিত সাদা গাউনের বদলে পিয়া বেছে নিয়েছিলেন জার্মান ফ্যাশন ডিজাইনার জিল স্যান্ডারের পুরোনো নকশার একটি সিল্কের পোশাক। সঙ্গে ছিল মায়ের বিয়ের গয়না, নানির রেখে যাওয়া সোনার চুড়ি, হেলগের দাদির ব্রোচ আর হাতজুড়ে মেহেদির নকশা। নব্বইয়ের দশকের ছিমছাম ফ্যাশনের সঙ্গে বাঙালি ঐতিহ্যের এই মেলবন্ধনই বিশেষভাবে গুরুত্ব পেয়েছে ‘ভোগ’–এর প্রতিবেদনে।

হ্যানোভার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করেছেন পিয়া। জন্ম ও বেড়ে ওঠা জার্মানিতে হলেও তাঁর পারিবারিক শিকড় বাংলাদেশে। বাবার বাড়ি রাজশাহীতে, মায়ের ঢাকায়। পরিবারের সুবাদে ছোটবেলা থেকেই বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় তাঁর। মা–বাবার সঙ্গে প্রতিদিন বাংলায় কথা বলেন। তবে বাংলা পড়তে বা লিখতে পারেন না। এ নিয়ে কিছুটা আক্ষেপও আছে তাঁর। পিয়া বলেন, ‘বাবা আর মায়ের কাছ থেকেই ভাষাটি শিখেছি। তবে আফসোস হয়, বাংলা পড়তে বা লিখতে পারি না। শুধু বলতে পারি।’

বর্তমানে নিজের গয়নার ব্র্যান্ড ‘পিআহ’ নিয়ে কাজ করছেন পিয়া। নিজের নাম ও পারিবারিক পদবির অংশ মিলিয়ে ব্র্যান্ডটির নাম রেখেছেন তিনি। পারিবারিক পদবির প্রতি বিশেষ টান আছে তাঁর। ‘ভোগ’কে পিয়া জানিয়েছেন, এই পদবি ছেড়ে দিলে নিজের পরিচয় ও সংস্কৃতির একটি অংশ হারিয়ে যাবে বলে মনে করেন তিনি। তাঁর নকশা করা গয়নায়ও পাশ্চাত্য ও দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রভাব দেখা যায়।

বিয়েতে রাজকন্যার মতো সাদা গাউন পরার কোনো ইচ্ছাই ছিল না পিয়ার। বরাবরই নব্বইয়ের দশকের ছিমছাম ফ্যাশন তাঁর পছন্দ। জনপ্রিয় টিভি সিরিজ ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’র চরিত্র ক্যারি ব্র্যাডশ ও বিয়াঙ্কা জ্যাগারের বিয়ের সাজ থেকে অনুপ্রেরণা নিয়েছেন তিনি। নব্বইয়ের দশকের র‍্যালফ লরেন ও জিল স্যান্ডারের রানওয়ে শোও প্রভাব ফেলেছে তাঁর পোশাক নির্বাচনে।

পুরোনো পোশাক কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম ভিন্টেডে ঘণ্টার পর ঘণ্টা খুঁজে অবশেষে জিল স্যান্ডারের হালকা সাদাটে রঙের সিল্কের পোশাকটি পান পিয়া। ব্লেজারটি মাপে বেশ বড় ছিল। বাড়ির কাছের এক দরজির কাছে নিয়ে সেটি নিজের মাপে ঠিক করিয়ে নেন। পোশাকের সঙ্গে পরেছিলেন গুচির হিল জুতা। অন্যদিকে হেলগের পরনে ছিল নিজের মাপে তৈরি স্যুট ও ইভ সেন্ট লরাঁর লোফার।

পিয়ার বিয়ের সাজের সঙ্গে জড়িয়ে আছে দুই পরিবারের কয়েক প্রজন্মের স্মৃতি। মা নিজের বিয়েতে পরা গয়না উপহার দিয়েছিলেন মেয়েকে। গত বছর মারা যাওয়ার আগে নানি নাতনির বিয়ের জন্য আলাদা করে রেখে গিয়েছিলেন একটি সোনার চুড়ি।

সংবাদ সূত্র