ইরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে: ট্রাম্প
ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা না ফিরলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক হামলা চালাতে পারে ইরান। আর এমন পরিস্থিতিতে একটি ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ ঘটতে পারে।

ইরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা না হলে সেখানে ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ ঘটে যেতে পারে।
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনে আলাপকালে এক প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন।
ইরানের সক্ষমতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তাদের (ইরানের) ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে। আমাদের (যুক্তরাষ্ট্র) পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা না থাকলেও ইউরোপে আঘাত হানার সক্ষমতা তাদের আছে।’
ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা না ফিরলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক হামলা চালাতে পারে ইরান। আর এমন পরিস্থিতিতে একটি ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ ঘটে যেতে পারে।
তবে ইরানের কাছে এখনো কোনো পারমাণবিক অস্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়নি। দেশটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী একটি রাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যের তেল আমাদের দরকার নেই। আমাদের প্রয়োজন মধ্যপ্রাচ্যে শান্তি।’
ইরানের শীর্ষ নেতাদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘আমি তাঁদের চিনেছি। খোলাখুলি বললে, তাঁরা উন্মাদ। তাঁরা সত্যিই উন্মাদ। এ কারণেই আমরা তাঁদের হাতে কোনো পারমাণবিক অস্ত্র যেতে দেব না।’