ইরাক–ভেনেজুয়েলাকে জোট ছাড়তে চাপ যুক্তরাষ্ট্রের, ভাঙনের ঝুঁকিতে ওপেক
ভেনেজুয়েলা ও ইরাককে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক (OPEC) ছাড়ার কথা বিবেচনা করতে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সঙ্গে ভেনেজুয়েলাকে ওপেকের বার্ষিক সদস্যপদ ফি পরিশোধে বাধা দেওয়া হয়। বিষয়টি সম্পর্কে অবগত ১০টি সূত্রের বরাতে আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স বিস্তারিত

ভেনেজুয়েলা ও ইরাককে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক (OPEC) ছাড়ার কথা বিবেচনা করতে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সঙ্গে ভেনেজুয়েলাকে ওপেকের বার্ষিক সদস্যপদ ফি পরিশোধে বাধা দেওয়া হয়। বিষয়টি সম্পর্কে অবগত ১০টি সূত্রের বরাতে আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ওপেকের পাঁচ প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে দুটি দেশকে লক্ষ্য করে নেওয়া এসব পদক্ষেপের আগে কোনো খবর প্রকাশিত হয়নি। দীর্ঘদিন ধরে ওপেকের বিরুদ্ধে তেলের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রাখার অভিযোগ করে আসছেন ট্রাম্প। সংশ্লিষ্টদের ভাষ্য, ওই সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দুই দেশকে তেল উৎপাদন ও বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, ওপেকের উৎপাদনসীমা এসব পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে।
ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপ এতটাই বেড়েছিল যে এ গ্রীষ্মে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান হস্তক্ষেপ করেন। তাঁর প্রচেষ্টায় ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে আর চাপ না দিতে রাজি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুজন ব্যক্তি।
ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি এ গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এক সরকারি বৈঠকে ওপেক ছাড়ার সম্ভাবনা তোলেন। তবে দেশটির তেল মন্ত্রণালয় তাঁকে ওপেকে থাকার এবং প্রয়োজনে আরও বেশি উৎপাদন কোটা চাওয়ার পরামর্শ দেয়।
জানুয়ারিতে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তহবিল ব্যবহারের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ইরাকের তেল বিক্রির আয় এখনো নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি হিসাবে জমা হয়। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর এ ব্যবস্থা চালু হয়েছিল।
ভেনেজুয়েলার সদস্যপদ ফি পরিশোধে বাধা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সরাসরি জবাব দেয়নি। তবে তারা নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তহবিল কীভাবে ব্যবহার হবে, তা নির্ধারণের ক্ষমতা ওয়াশিংটনের রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, নিম্নপর্যায়ের মার্কিন কর্মকর্তারা ভেনেজুয়েলা সরকারের সঙ্গে ওপেক ছাড়ার বিষয়টি তুলতে পারেন। তবে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আলোচনায় বিষয়টি ছিল না। ইরাকের সঙ্গে আলোচনার বিষয় ছিল জ্বালানি অবকাঠামোর উন্নয়ন, উৎপাদন ও পরিবহন বাড়ানো, ওপেক নয়। ওপেক এবং ভেনেজুয়েলা, ইরাক ও সৌদি আরবের সরকার এ বিষয়ে মন্তব্য করেনি।