বোনের জন্মের সময় কষ্ট দেখে গ্রামে হাসপাতাল বানিয়েছেন মানে, চিকিৎসা পাচ্ছে আরও ৩০ গ্রাম
সাদিও মানের এখনকার ঠিকানা সৌদি আরবের রিয়াদ। ২০২৩ সালের গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ থেকে তিনি আল নাসরে যোগ দেন।

সাদিও মানের এক বোনের জন্ম হয়েছিল ঘরেই। বাম্বালি গ্রামে তখন কোনো হাসপাতাল ছিল না।
সেনেগালের দক্ষিণের এই গ্রাম রাজধানী ডাকার থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। এত দূরের গ্রামে হাসপাতাল না থাকলে প্রসববেদনা ওঠা মানে ধরেই নিতে হয়, যা ঘটার ঘরেই ঘটবে। ভাগ্য ভালো থাকলে মা আর শিশু দুজনই বেঁচে যান। না থাকলে কী হয়, সেটা আমরা জানি। ‘পথের পাঁচালী’র দুর্গার জ্বর আর ঝড়ের সেই রাত বাংলার পাঠকের অচেনা নয়। গ্রামে সময়মতো চিকিৎসা না পাওয়ার অসহায়তা কখনো কখনো দেশ বা মহাদেশ বদলায়, কিন্তু পরিণতি একই। ২০২০ সালে গার্ডিয়ানকে মানে বলেছিলেন, ‘পরিস্থিতিটা সবার জন্যই খুব কষ্টের ছিল। আমি আমার গ্রামে একটা হাসপাতাল বানাতে চেয়েছিলাম, যাতে মানুষ আশা পায়।’
লিভারপুলের হয়ে ছয় বছরে ২৬৯ ম্যাচে ১২০ গোল করেছেন মানে। ২০১৯ সালে তাঁর হাত ধরেই লিভারপুল চ্যাম্পিয়নস লিগের ট্রফি তুলেছিল। সে বছরই ব্যালন ডি’অরের মঞ্চে তিনি বিশ্বসেরা পুরুষ খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয় হন। গতি, বলের জন্য ঝাঁপিয়ে পড়া আর শেষ মুহূর্তে মাথা ঠান্ডা রাখা ফিনিশিং—এই ছিলেন অ্যানফিল্ডের মানে। কিন্তু ১২০ গোলের হিসাবের বাইরেও আরেকটা হিসাব আছে।
২০১৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে তিনি বাম্বালিতে ৩০০টি লিভারপুল জার্সি পাঠিয়েছিলেন, যাতে গ্রামের মানুষ জার্সি গায়ে খেলাটা দেখতে পারেন। সে রাতে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল লিভারপুল। জার্সিগুলো তখন নিশ্চয়ই একটু ভারী লেগেছিল। পরের বছর লিভারপুল যখন ট্রফি জিতল, ওই জার্সিগুলো আবার গায়ে উঠল, এবার কী যে আনন্দ!
এবার একটু পেছনে ফিরি। মানের বাবা মারা যান তাঁর সাত বছর বয়সে। কৈশোরে খেতে কাজ করেছেন, খালি পায়ে ফুটবল খেলেছেন, ক্ষুধার কথা তাঁর মনে আছে। ১৫ বছর বয়সে ফুটবলার হওয়ার স্বপ্নে তিনি বাড়ি থেকে পালিয়েছিলেন। পালানো ছেলেরা সাধারণত ফেরে না। শহর তাদের গিলে নেয়। মানে ফিরেছেন তাঁর গ্রামে, প্রতিবার ঝুলি ভরে।
২০১৯ সালের বসন্তে তিনি গ্রামের মাধ্যমিক স্কুলের জন্য আড়াই লাখ পাউন্ড দান করেন। সেরা শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ আর ৪০০ ডলার করে পুরস্কারের ব্যবস্থাও করেছেন। তারপর এল হাসপাতাল। চিকিৎসাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সহায়তা চাইতে তিনি সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সালের কাছেও গিয়েছিলেন। ২০২১ সালের জুনে মাতৃসেবা বিভাগসহ হাসপাতালটির উদ্বোধন হয়। এই হাসপাতাল এখন শুধু মানের গ্রাম নয়, আশপাশের ৩০টির বেশি গ্রামের মানুষকে সেবা দেয়। এক বোনের স্মৃতি থেকে জন্ম নেওয়া হাসপাতাল এখন ৩০টি গ্রামের ভরসা। এই পথটাও কম দীর্ঘ নয়।
একবার বাম্বালির কাদামাখা মাঠে সাদিও মানেকে দেখা গিয়েছিল স্থানীয়দের সঙ্গে ফুটবল খেলতে। সঙ্গে ছিলেন এল হাজি দিউফ আর পাপিস সিসে। সেই ম্যাচে কোনো ট্রফি ছিল না। দর্শকদের মধ্যে নিশ্চয়ই এমন কেউ ছিলেন, যাঁর জন্ম হয়েছিল তেমনি এক ঘরে, যেখানে মানের বোনের জন্ম হয়েছিল।