পুলিশ বক্সসহ ছয় স্থানে আগুন, গ্রেপ্তার ৩৩৮
ঢাকা ও কুষ্টিয়ায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন। নাশকতা প্রতিরোধে সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন।
Collected · Not taken by usCollectedপ্রথম আলো-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী — ঢাকা ও কুষ্টিয়ায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন। নাশকতা প্রতিরোধে সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন।
নাশকতার অভিযোগে ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৩৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এ সময় চট্টগ্রামে পুলিশ বক্সসহ দেশের ছয় স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা ও কুষ্টিয়ায় ককটেল বিস্ফোরণ হয়েছে।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গোপালগঞ্জসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনসহ ৫০ জনকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রাতে যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি, ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন ঘোষণা দিয়েছেন। চলতি মাসের শুরু থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে ‘লকডাউন’সহ নানা কর্মসূচির ঘোষণা করা হচ্ছে। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনায় ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটানো হচ্ছে। এর মধ্যে গোপালগঞ্জে থানায় এবং বিএনপির দুজন সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়া হয়।
গত বুধবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়ক থেকে ছাত্রদলের নেতা–কর্মীরা শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করেন। পরে তাঁদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আদালতে তোলা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তথ্যসূত্র: প্রথম আলো-এর মূল প্রতিবেদন থেকে সংকলিত ও যাচাইকৃত।

