এআই কাদের জন্য আশীর্বাদ হতে পারে, ফেরাবে সুদিন

বাংলাদেশের অর্থনীতির তিনটি অন্যতম বড় খুঁটি হচ্ছে পোশাকশিল্প, প্রবাসী শ্রম আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি।

নিজস্ব প্রতিবেদক•প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ এ ০৬:৩৬ PM
শেয়ার করুন
এআই কাদের জন্য আশীর্বাদ হতে পারে, ফেরাবে সুদিনCollected
এআই কাদের জন্য আশীর্বাদ হতে পারে, ফেরাবে সুদিন

প্রথম আলো-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী — বাংলাদেশের অর্থনীতির তিনটি অন্যতম বড় খুঁটি হচ্ছে পোশাকশিল্প, প্রবাসী শ্রম আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি।

মুখস্থ, পুনরুৎপাদন আর ছকবাঁধা কাজের দায় যন্ত্র নিয়ে নিচ্ছে। প্রশ্ন করা, অর্থ খোঁজা, অন্যের অনুভব-অনুভূতি বোঝা, সমাজকে ব্যাখ্যা করা, সৃজনশীলতাকে উসকে দেওয়াই হবে এআই থেকে দাসত্বমুক্তির উপায়। লিখেছেন হেলাল মহিউদ্দীন

ভিন্নমত দিয়েই লেখাটি শুরু করছি। পোশাকশিল্প আগাগোড়াই শ্রমঘন। নারীদের ‘নিম্বল ফিঙ্গার’ বা ‘নমনীয় আঙুল’ শিল্পটির প্রাণ। রোবটের পক্ষে বা যন্ত্রের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় কাপড়ের কুঞ্চনকে দুই আঙুলে টান টান করে সেলাই করা। সম্ভবই যদি হতো, সেলাই, কাটিং বা ফিনিশিং ইত্যাদি বহু আগেই রোবট বা যন্ত্র দিয়ে করানো চালু হয়ে যেত। গাড়িশিল্প রোবট-নির্ভর। কারণ, রোবট স্টিলের শক্ত পাত নিখুঁতভাবে বিন্দু মেপে আঁকড়ে ধরতে পারে। কাপড় স্টিলের পাতের মতো নয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা কোটি কোটি চাকরির বিনাশ করবে ভয়টিও সম্ভবত অহেতুক। ‘ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫’ ৫৫টি অর্থনীতির এক হাজারের বেশি নিয়োগকর্তার মত নিয়ে বলছে, ২০৩০ সালের মধ্যে বর্তমান চাকরির ২২ শতাংশে বড় রদবদল ঘটবে ঠিকই, তবে নতুন ১৭ কোটি কাজ তৈরি হবে, হারিয়ে যাবে ৯ কোটি ২০ লাখ; অর্থাৎ কর্মসংস্থান বাড়বে কর্ম হারানোর প্রায় দ্বিগুণ।

অর্থনীতিবিদ উইলিয়াম বমলে দেখিয়েছিলেন, যন্ত্র কোনো কাজকে সহজ করে দিলে তার দাম পড়ে। সে কাজ হাতে হলে উল্টো দাম বাড়ে। গ্রামোফোন, রেডিও, স্পটিফাই আসার পরও সরাসরি গানের আসরের টিকিটের দাম কমেনি, বেড়েছে। এআই যত ছবি আঁকবে, হাতে আঁকা ছবি আর মঞ্চে জীবন্ত মানুষের অভিনয় তত দুর্লভ ও দামি হবে।

১৮৩৯ সালে ফটোগ্রাফি আবিষ্কারের পর অনেকে ভেবেছিলেন, চিত্রকলার দিন শেষ। পোর্ট্রেট ও স্কেচ আর্টিস্টরা মাত্র এক-দুই ডলারে আঁকতেন। ক্যামেরাই ছবি তুলছে, শিল্পীর কাছে যায় না আরকি। কিন্তু বছর না ঘুরতেই সবাই টের পেল, আঁকিয়ের শিল্পসৌকর্য গায়েব। মানুষ ফিরতে শুরু করল শিল্পীর কাছে। শিল্পীর কদর এবং পারিশ্রমিক দুটিই বহুগুণ বেড়ে গেল। এক-দুই ডলারের পারিশ্রমিক ওঠে ২০-২৫ ডলারে। তার চেয়েও বড় অর্জন, ক্যামেরার বিপরীতে টিকে থাকার অভিযোজন হিসেবে ইমপ্রেশনিজমের জন্ম। চিত্রকরেরা খেলতে-খেলাতে শুরু করলেন আলো, অনুভূতি, সময়ের রং নিয়ে। ক্যামেরা সেসব পারে না। ছবিগুলো একঘেয়ে, যান্ত্রিক, বৈচিত্র্যহীন, নকলবাজির মতো, আবেদনহীন—দেখেই বোঝা যায়, মেশিনের কাজ।

কৃত্রিম বুদ্ধিমত্তার স্রষ্টারাই এখন বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সৃজনশীল পেশাগুলোর গুরুত্ব আকাশচুম্বী করে তুলবে। নাট্যকলা, নৃত্যকলাসহ সুকুমারবৃত্তির পেশাগুলোর রমরমা বাজার তৈরি হবে। চাকরির বাজারে হুড়মুড় করে বাড়বে নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, রাজনীতিবিজ্ঞান, পরিবারবিদ্যা, নীতিশাস্ত্র ইত্যাদি গভীর অন্তর্দৃষ্টিনির্ভর শিক্ষাগত যোগ্যতাধারীদের চাহিদা।

তথ্যসূত্র: প্রথম আলো-এর মূল প্রতিবেদন থেকে সংকলিত ও যাচাইকৃত।

সংবাদ সূত্র

এই বিভাগের আরও খবর